বিটিএসের জিমিন পরিচয়ে প্রেম, ব্রাজিলের নারীর কাছে প্রতারক হাতিয়ে নিলো ৫২ হাজার ডলার
ছবি: সংগৃহীত
০৩:৫৫ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
প্রতারক নিজেকে পরিচয় দিয়েছিল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য জিমিন হিসেবে। এরপর অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে এক ব্রাজিলীয় নারীর সঙ্গে। তার কাছ থেকে ৫২ হাজার ডলারের বেশি হাতিয়ে নেয় ওই প্রতারক। ৬৮ বছর বয়সী ওই অবসরপ্রাপ্ত নারীকে প্রায় চার মাস ধরে প্রেমের বার্তা পাঠিয়ে বিশ্বাস অর্জন করে সে। পরে দামি উপহারের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় বিপুল অর্থ।
গালফ নিউজ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের সাও পাওলো শহরের ওই নারী প্রতারণার শিকার হয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ডিয়ারিও দে পেরনামবুকোর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রতারক নিজেকে বিটিএস তারকা জিমিন পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে অনলাইনে যোগাযোগ শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে বিশ্বাস করতে শুরু করেন তিনি।
প্রতারণার কৌশল হিসেবে ওই নারীকে দামি উপহার পাঠানোর প্রতিশ্রুতি দেয় ভুয়া জিমিন। কিন্তু পরে জানানো হয়, উপহারগুলো ব্রাজিলের শুল্ক বিভাগে আটকে আছে। সেগুলো ছাড়িয়ে আনতে শুল্ক ও অন্যান্য খরচ বাবদ অর্থ দিতে হবে। প্রিয় তারকার কাছ থেকে উপহার পাওয়ার আশায় কয়েক দফায় অর্থ পরিশোধ করেন ওই নারী। এমনকি টাকা জোগাড় করতে ব্যাংক থেকে ঋণও নেন তিনি।
সব মিলিয়ে প্রায় ৩ লাখ ব্রাজিলীয় রিয়াল খুইয়েছেন ওই নারী। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ৫২ হাজার মার্কিন ডলারের বেশি।
একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুয়া অ্যাকাউন্টটি ব্লক করে দেন তিনি এবং পুলিশের কাছে অভিযোগ জানান। ঘটনাটি তদন্ত করছে সাও পাওলোর সিভিল পুলিশ। প্রতারণার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, বিটিএস সদস্য জিমিন কিংবা তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রতারণার কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তার পরিচয় ও ছবি ব্যবহার করে তৃতীয় পক্ষ এই অপরাধ করেছে।
এফআর/