© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

শেয়ার করুন:
সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে করা মামলায় আরও ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষী তাদের জবানবন্দি দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। জবানবন্দি গ্রহণ শেষে আদালত আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষীরা হলেন—প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজার রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই মো. আল আমিন এবং বান্দরবান জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক।

এর আগে গত ৩ মে একই আদালত এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এসে তদন্তকারী কর্মকর্তা আসামি বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার নতুন তথ্য পেয়েছেন। আগের চার্জশিটে বাড়ি কেনার ব্যাংক লেনদেনের (ট্রানজেকশন) তথ্য ছিল না। এ জন্য তদন্ত কর্মকর্তা নতুন করে সম্পূরক চার্জশিট দাখিল করেছেন, যেখানে টাকার পরিমাণ ও সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকে আজ পর্যন্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট জমা দেন তিনি।

চার্জশিটে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়। এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য মেলে। বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা, যেখান থেকে ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেন।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।

এদিকে, মামলার বিচার চলাকালে গত ৭ অক্টোবর তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়ে দেশে ও বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত মোট ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া সম্পূরক চার্জশিটে মোট সাক্ষীর সংখ্যা বাড়িয়ে ৪৭ জন করা হয়েছে। 

এমআর/ 

মন্তব্য করুন