© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীরা সফল হবে না: ঢাকা রেঞ্জে ডিআইজি

শেয়ার করুন:
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীরা সফল হবে না: ঢাকা রেঞ্জে ডিআইজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে; তারা কোনোভাবেই সফল হবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সড়ক-মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা সফরের উদ্দেশ্য প্রসঙ্গে তিনি জানান, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তার এ আগমন। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ফোর্সের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, জেলার কোতোয়ালি থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে কয়েকজন আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পরিদর্শন সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফআর/

মন্তব্য করুন