© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোষা বিড়াল মিকুকে হারিয়ে বাকরুদ্ধ এমপি শাম্মী আক্তার

শেয়ার করুন:
পোষা বিড়াল মিকুকে হারিয়ে বাকরুদ্ধ এমপি শাম্মী আক্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬
দীর্ঘ আট বছরের প্রিয় সঙ্গী ও পোষা প্রাণী ‘মিকু’-কে হারিয়ে গভীরভাবে শোকাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি মিকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টের সাথে মিকুর শেষ মুহূর্তের একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় মিকু কাবা শরীফের ছবির উপর শুয়ে আছে।

ফেসবুক পোস্টে শাম্মী আক্তার লিখেছেন, “আমাদের মিকু আজ ১৩ নভেম্বর শুক্রবার আপন মনে কাবা শরিফের ছবির ওপর শুয়ে, কাবা শরিফের মিনারে হাত রেখে চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।” প্রিয় পোষা প্রাণীর বিদায়ের বেদনা প্রকাশ করে তিনি আরও লেখেন, যেন জীবনের পাঠ চুকিয়ে অবশেষে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার মাধ্যমেই তাকে এটি বুঝিয়ে দিয়ে গেছে। কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফিরলে আর কেউ তাকে নিতে নিচে নেমে আসবে না- এই শূন্যতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। সংসদের ব্যস্ততা, সভা-সমাবেশ, এলাকার মানুষের ভিড়-সবকিছুর পর দিনশেষে ঘরে ফিরে যে নিঃশব্দ অপেক্ষা আর ভালোবাসা তাকে আগলে রাখত, সেই মিকু আর নেই।

এমপি শাম্মী আক্তার উল্লেখ করেন, তার ছেলেরা উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে এই ‘মিকুই’ ছিল তার আনন্দ-বেদনার নিত্যদিনের একমাত্র সহচর। দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ছায়ার মতো পাশে থাকা এই সঙ্গীর বিদায়ে তিনি এখন একদম একা হয়ে পড়েছেন।

পোস্টের শেষাংশে তিনি মিকুর বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, ‘ওপারে ভালো থাকিস মিকু, আমাকে ক্ষমা করে দিস- তোর যাওয়ার সময় তোর কাছে থাকতে পারিনি।’

তার এই মর্মান্তিক ও আবেগঘন স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সমবেদনা জানিয়ে মন্তব্য করেছেন, প্রিয় পোষা প্রাণী হারানোর কষ্ট যে কতটা গভীর, তা একমাত্র যারা হারিয়েছেন তারাই বোঝেন।

এমআই/

মন্তব্য করুন