© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

শেয়ার করুন:
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৮ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে শুক্রবার (১৩ নভেম্বর) এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়েছে।

শ‌নিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, ‘জিরো ওয়েস্ট’ (শূন্য বর্জ্য) উদ্যোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন। 

উভয় দেশ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলে এমন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।

প্রতিমন্ত্রী কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য এবং প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা প্রদর্শনের জন্য তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি তুরস্কের ফার্স্ট লেডির পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগটির প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এটি বাংলাদেশের ‘থ্রি-আর' কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো একে অপরের সঙ্গে বিনিময়ের গুরুত্ব উভয় পক্ষই স্বীকার করে।

প্রতিমন্ত্রী প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্যের প্রসারে তুরস্কের সহযোগিতা কামনা করেন।তিনি প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশসম্মত ভোগ নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশের পাট খাতের অবদানের সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকের শেষে প্রতিমন্ত্রী তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে স্মারক হিসেবে পাটজাত হস্তশিল্প উপহার দেন।

এমআর/ 

মন্তব্য করুন