ইসরায়েলের হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার নিহত
ছবি: সংগৃহীত
০৭:৪৩ এএম | ১৫ নভেম্বর, ২০২৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সকে হামাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু ইউনিসকে লক্ষ্য করে খান ইউনিসের মাওয়াসি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে সহায়তা করে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত।
সেনাবাহিনী ও শিন বেত এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা হামাসের সামরিক শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা এখনো আবু ইউনিসের নাম ঘোষণা করেনি।
তবে ফিলিস্তিনের একাধিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি হামলায় আবু ইউনিস নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আর হামলার সময় তিনি একটি সড়কে ছিলেন বলেও জানা গেছে।
হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, আবু ইউনিস জেনারেল মিলিটারি কাউন্সিলের সদস্য ছিলেন।
গাজার নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে তারাও এ ব্যক্তির নাম প্রকাশ করেনি।
আবু ইউনিসের আগে রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন নায়েল আবু ওবায়েদ। তিনি গত ৫ সেপ্টেম্বর খান ইউনিসে ইসরায়েলের হামলাতেই নিহত হন।
বর্তমানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে তা সত্ত্বেও তারা প্রতিদিনই উপত্যকাটিতে হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েলের হামলায় নতুন করে আরও ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন।
২০২৩ সাল থেকে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিন বছরের বেশি সময় ধরে চলা এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনির।
সূত্র: রয়টার্স
এমআর/