© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী

শেয়ার করুন:
আ.লীগ ফিরতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি: গণপূর্তমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। তিনি বলেন, আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আইন অনুযায়ী চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে। তিনি আরও বলেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাক শ্রমিকদের টাকা পাঠানোর বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, এসবের পেছনে কারা আছে, তা জনগণকে বুঝে।

অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি জানতে চান, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক বা স্বৈরাচার ফিরে আসুক—তারা তা চান কিনা। উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক উত্তর দেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তারা ফিরে এলে জনগণ ক্ষমা করতে চাইবে কিনা, সেটি জনগণই ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি।

ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরআই/

মন্তব্য করুন