কপ ৩১বরাদ্দ নেওয়ার পরও বাংলাদেশ প্যাভিলিয়নে জামায়াতের সংবাদ সম্মেলনে বিএনপির বাধা
ছবি: সংগৃহীত
০৫:১৯ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করতে দুপুর দেড়টায় বাংলাদেশ প্যাভিলিয়ন বরাদ্দ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। কিন্তু নির্ধারিত সময়ে প্যাভিলিয়নটি দখলে নিয়ে অন্য প্রোগ্রাম করেন সরকারি দলের সংরক্ষিত নারী সংসদ সদস্য মানসুরা আলম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুরে বিশ্ব জলবায়ু সম্মেলনে এ ঘটনা ঘটে। পরে প্যাভিলিয়নের সামনে সংবাদ সম্মেলন করে জামায়াত। তবে সেই সংবাদ সম্মেলনেও নানান বাধা সৃষ্টি করে মানসুরা, সাঈদ আব্দুল্লাহ ও তাদের অনুসারী কিছু তরুণ পরিবেশকর্মী।

সংবাদ সম্মেলনে কথা বলেন কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি জানান, শুক্রবার প্রথমে তিনি প্যাভিলিয়নের শিডিউল চেয়ে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। তবে এই অতিরিক্ত সচিব তাকে জানান, প্যাভিলিয়ন পেতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের কাছ থেকে অনুমতি নিতে। পরে প্রতিমন্ত্রীর অনুমতি নিয়ে নাভিদ শফিউল্লাহকে জানালে তিনি দুপুর ১.৩০ থেকে ২টা পর্যন্ত প্যাভিলিয়ন খালি আছে বলে জানান এবং জামায়াতকে ওই সময়ের জন্য প্যাভিলিয়ন বরাদ্দ দেন।
জামায়াতের পক্ষ থেকে নির্ধারিত সময় গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনের দাওয়াত দেওয়া হয়। কিন্তু প্যাভিলিয়নে গিয়ে দেখা যায় জামায়াত নেতারা বসতে চাইলে প্যাভিলিয়ন দখলে নেয় কিছু তরুণ। রোল অব ইয়্যুথ ইন ক্লাইমেট ফাইনান্স শিরোনামে বাংলাদেশ ডায়লগ শুরু করে তারা। কিন্তু এটি কোন সংগঠনের আয়োজন ছিল তা কোথাও উল্লেখ করা হয়নি। এই ডায়লগে শুধু ডায়াসের আলোচক ছাড়া কোনো শ্রোতাও দেখা যায়নি। তবে পাশে দাঁড়িয়ে পুরো প্রোগ্রামের সমন্বয় করতে দেখা যায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য মানসুরা আলমকে। আশপাশে থাকা অনেককে জোর করে স্রোতার আসনে বসাতে দেখা যায় তাকে।

এসময় সাঈদ আব্দুল্লাহ জোরপূর্বক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সাফিউল্লাহকে প্যাভিলিয়ন থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যেতে বলেন, যেন জামায়াতের কাছে তাকে কোনো জবাবদিহিতা করতে না হয়। যার সবকিছুই হয় সাংবাদিকদের সামনে প্রকাশ্যেই।
এদিকে প্যাভিলিয়নে দাঁড়াতে না পেরে আধাঘণ্টা পর প্যাভিলিয়নের বাইরেই সংবাদ সম্মেলন করে জামায়াতের প্রতিনিধি দল। কিন্তু সেই সংবাদ সম্মেলনেও নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে মানসুরার অনুসারী কয়েকজন তরুণ পরিবেশ সংগঠন। সাংবাদিকদের সংবাদ সংগ্রহেও বাধা সৃষ্টি করেন তারা।
কপ৩১ এ জামায়াত কি ভূমিকা রেখেছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি বলেন, জলবায়ু একটি কালেক্টিভ ইস্যু। সরকার-বিরোদীদল আমরা সবাই এখানে এসেছি দেশের স্বার্থে কথা বলতে। দেশের রাজনৈতিক বিরোধ নিয়ে এখানে কথা বলতে চাই না। এখানে আমরা চেয়েছি একসঙ্গে সমন্বয় করে দেশের স্বার্থে একই সুরে কথা বলতে। আমাদের পরিকল্পনা ছিল একসঙ্গে আসবো, একসঙ্গে পজিশন পেপার তৈরি করবো, একসঙ্গে আর্গুমেন্ট করবো। কিন্তু সেই সুযোগ আমাদের হয়নি। কিন্তু কপে বিরোধীদল হিসেবে নতুন কোনো উইন্ডো সৃষ্টিটাও কঠিন। তাই ইচ্ছা থাকলেও আমরা সরাসরি কোন ভূমিকা রাখার সুযোগ পাইনি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ, আলোচনা, সমন্বয় আমরা করার চেষ্টা করছি, বিভিন্ন ইভেন্টেও অংশ নিয়েছি।
আরেক প্রশ্নের জবাবে প্যাভিলিয়ন বরাদ্দ প্রসঙ্গে বলেন, আমরা অনুমতি চেয়েছিলাম। আমাদেরকে একটি নির্ধারিত সময় বরাদ্দও দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখানে প্যাভিলিয়ন মেনেজমেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এক ধরনের বিশৃঙ্খলা দেখেছি। বিষয়টি দুঃখজনক। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, আমরা অবশ্যই এটা নির্ধারিত ফোরামে তুলে ধরবো।
আরআই/