© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেলুগু অভিনেতা গিরি বাবু আর নেই

শেয়ার করুন:
তেলুগু অভিনেতা গিরি বাবু আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে। অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করেছেন গিরি বাবু। অভিনয় করেছেন ৬ শতাধিক সিনেমায়।

কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি।

১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। তার আসল নাম ইয়েরা শেষাগিরি রাও।

ছোটবেলা থেকেই অভিনয় ও নাটকের প্রতি আগ্রহ ছিল তার। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরে খলনায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।

১৯৭৭ সালে মুক্তি পাওয়া পৌরাণিক সিনেমা ‘কুরুক্ষেত্রম’-এ তার অভিনয় বিশেষভাবে স্মরণীয়। এ ছাড়া ‘জ্যোতি’, ‘পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’ ও ‘নিনে পেলাডেটা’ তার উল্লেখযোগ্য সিনেমা।

নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ও ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়ও দেখা গেছে তাকে।
অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও যুক্ত ছিলেন গিরি বাবু। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুথুন্না’। এ ছাড়া কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে শ্রীদেবীকে বিয়ে করেন গিরি বাবু। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে রঘু বাবু তেলুগু চলচ্চিত্রের পরিচিত কৌতুকাভিনেতা। ছোট ছেলে বোস বাবুও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে মারা যান তার স্ত্রী শ্রীদেবী।

এসএ/

মন্তব্য করুন