© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় এক টেবিলে বসতে যাচ্ছেন ট্রাম্প শি ও পুতিন

শেয়ার করুন:
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় এক টেবিলে বসতে যাচ্ছেন ট্রাম্প শি ও পুতিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে মূল আলোচ্য বিষয় হতে পারে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও মজুত কমানো।

১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে এপেকের নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউস শুক্রবার ট্রাম্পের সম্মেলনে অংশগ্রহণ এবং তিন নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে চীন এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। তাঁর মতে, পারমাণবিক অস্ত্র অত্যন্ত বিপজ্জনক।

এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ (New Strategic Arms Reduction Treaty) চুক্তি সই হয়েছিল। এর মাধ্যমে দুই দেশ তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মজুত সীমিত রাখতে সম্মত হয়। চুক্তিটির মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়া এটি আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। এর পরিবর্তে চীনকে অন্তর্ভুক্ত করে নতুন, উন্নত ও আধুনিক একটি চুক্তির দাবি জানান তিনি।

কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম। এ কারণে আপাতত এ ধরনের আলোচনায় অংশ নিতে আগ্রহী নয় বেইজিং। গত মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, বর্তমান পরিস্থিতিতে দেশটিকে ত্রিপক্ষীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যুক্ত হতে বলা ‘ন্যায্য, যুক্তিসংগত বা বাস্তবসম্মত’ হবে না।

রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা করছে না ওয়াশিংটন। তবে চীনেরও এ বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় এসেছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন যুদ্ধ আলোচনায় থাকার সম্ভাবনা কম

তিন নেতার বৈঠকে ইউক্রেন যুদ্ধ আলোচনায় আসার সম্ভাবনা কম। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এ বৈঠকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়টি তুলবেন না। কারণ, ওয়াশিংটন আলাদাভাবে যুদ্ধ বন্ধের আলোচনা চালাচ্ছে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন ও রাশিয়া সফর করবেন।

ওই কর্মকর্তা বলেন, চীন এই আলোচনাপ্রক্রিয়ার অংশ নয়। তাই শেনজেনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা উপযুক্ত হবে না।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনও ইউক্রেন যুদ্ধকে ইউরোপের বিষয় হিসেবে দেখে। মস্কো বিষয়টি আলোচ্যসূচিতে রাখতে চাইলেও বেইজিং তাতে আগ্রহ দেখায়নি বলে জানিয়েছে রয়টার্স।

‘ইয়াল্টা সম্মেলন’-এর সঙ্গে তুলনা

ইউক্রেন ও তাইওয়ানকে বাইরে রেখে বিশ্বের তিন বড় শক্তির নেতাদের এমন বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে তৎকালীন সোভিয়েত নেতা জোসেফ স্টালিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ইয়াল্টা সম্মেলনে জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ এবং জাতিসংঘ প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।

গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ‘আমরা চাই না, এটি “ইয়াল্টা ২, ৩ বা ৪”-এ পরিণত হোক, যেখানে প্রভাবের এলাকা নতুন করে ভাগ করা হবে।’

ব্রুকিংস ইনস্টিটিউটের জন এল থর্নটন চায়না সেন্টারের পরিচালক রায়ান হাসের মতে, এমন বৈঠকের দৃশ্য ইউক্রেন ও তাইওয়ানসহ যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। ২০১৩ সালে শি জিন পিং ক্ষমতায় আসার পর থেকে পুতিন ও শি ৪০ বারের বেশি বৈঠক করেছেন। তিন নেতার মধ্যে তাদের সম্পর্কই সবচেয়ে ঘনিষ্ঠ।

রাশিয়ার জাতীয়তাবাদী মতাদর্শী আলেক্সান্ডার দুগিন রেডিও স্পুতনিককে বলেছেন, এই বৈঠক ‘গভীর প্রতীকী তাৎপর্য’ বহন করে। তার মতে, পশ্চিমা দেশগুলো যে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা অস্বীকার করে, এই বৈঠক সেটিই নিশ্চিত করবে।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন মনে করেন, বৈঠকে জাঁকজমকপূর্ণ ছবি তোলা এবং ট্রাম্পের বড় বড় বক্তব্য শোনার সম্ভাবনাই বেশি। তবে তিন নেতা সম্মিলিতভাবে বা আলাদাভাবে ইরান কিংবা ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে এপেক সম্মেলনের ফাঁকে শি জিন পিংয়ের সঙ্গে আলাদা বৈঠকও করবেন ট্রাম্প। চলতি বছর এটি হবে তাদের তৃতীয় সরাসরি বৈঠক। দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক সমঝোতার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা। ফলে বাণিজ্য সম্পর্কও আলোচনায় আসতে পারে। সূত্র:দ্য ইন্ডিপেন্ডেন্ট

একেএস

মন্তব্য করুন