বন্ধ হয়ে গেল সরকারি টেলিহেলথ সেবা ১৬২৬৩
ছবি: সংগৃহীত
১১:৩৬ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। এটি পরিচালনার দায়িত্ব পায় সিনেসিস আইটি। এখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। তারা টেলিহেলথ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিলেন।
দীর্ঘ ১১ বছর ধরে চালু থাকা বিনা মূল্যে সরকারি টেলিহেলথ সেবা 'স্বাস্থ্য বাতায়ন' বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ আর থাকছে না। তবে সেবাটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কার্যালয় ও জনবল এখনো রয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ায় এবং বকেয়া অর্থ পরিশোধ না করায় সেবাটি চালু রাখা সম্ভব হয়নি।
স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. নিজাম উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রায় ১১ বছর ধরে তারা এ সেবা পরিচালনা করছেন। বর্তমান সরকারের সময়ে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। ওই সময়ের পর নতুন করে মেয়াদ বাড়ানো বা সেবাটি পরিচালনার জন্য নতুন দরপত্র আহ্বান করা হয়নি। ফলে গত বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ হয়ে যায়।'
তিনি বলেন, 'আমাদের এখানে প্রায় ১০০ জন চিকিৎসক রয়েছেন। তাদের বেতন আমরা প্রতি মাসেই পরিশোধ করতে বাধ্য হচ্ছি। কিন্তু সরকারের কাছে আমাদের প্রায় ১৬ কোটি টাকা পাওনা রয়েছে। ব্যাংকঋণ নিয়ে কর্মীদের বেতন দিতে হচ্ছে।'
সরকারের কাছে পাওনা অর্থের পাশাপাশি চুক্তির মেয়াদ না বাড়ানোয় প্রতিষ্ঠানটি আর্থিক চাপে পড়েছে। তবে স্বাস্থ্য বাতায়নের কার্যালয় এখনো বন্ধ হয়নি। সেখানে ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মী রয়েছেন।
স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এর পরিচর্যা প্রতিষ্ঠান সিনেসিস হেলথের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী গত ১২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)-এর পরিচালককে চিঠি দিয়ে বলেছেন, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩–এর কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিয়েছেন। ওই দিন সন্ধ্যায় সেবাটি তারা বন্ধ করে দেন।
স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। এটি পরিচালনার দায়িত্ব পায় সিনেসিস আইটি। এখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। তারা টেলিহেলথ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিলেন।
স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে ২৪ ঘণ্টা টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ ছিল। প্রতিষ্ঠানটির সিইওর দাবি, এ সেবায় আসা ফোনকলের প্রায় ৭০ শতাংশই সাধারণ মানুষের কাছ থেকে আসত। বিশেষ করে যেসব রোগীর নিয়মিত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন, কিন্তু প্রতিবার হাসপাতালে যাওয়া সম্ভব নয়, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, 'এটি হাসপাতালের বিকল্প সেবা ছিল না, বরং হাসপাতালের চিকিৎসাসেবার পরিপূরক হিসেবে কাজ করত। ক্যানসার ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় শুধু চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারতেন। আমাদের চিকিৎসকেরা ই-প্রেসক্রিপশনও দিতেন।'
ডা নিজাম বলেন, 'বিকল্প কোনো ব্যবস্থা চালু না করে এভাবে সেবা বন্ধ হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা টেলিফোনে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ হারিয়েছেন।'
তিনি বলেন, 'সরকারের নিজস্ব একটি জনসেবামূলক কার্যক্রম ছিল এটি। বন্ধ করার আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। আমরা চাই, সরকার দ্রুততম সময়ে ১৬২৬৩ নম্বরের স্বাস্থ্য বাতায়ন আবার চালু করার উদ্যোগ নিক।'
স্বাস্থ্য বাতায়নে ফোন করে একজন ব্যক্তি সমস্যার কথা বলতেন, রোগের উপসর্গ বর্ণনা করতেন, চিকিৎসকেরা রোগের ইতিহাস জানতে চাইতেন, এই কথোপকথন রেকর্ড হতো, চিকিৎসক মৌখিক পরামর্শ দিতেন, আবার কিছু ক্ষেত্রে ই–প্রেসক্রিপশন পাঠানো হতো, স্বাস্থ্য সমস্যার ধরন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালেরও পরামর্শ দেওয়া হতো। এ পর্যন্ত স্বাস্থ্য বাতায়ন প্রায় তিন কোটি কলের উত্তর দিয়েছে।
স্বাস্থ্য বাতায়ন মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে করোনা মহামারির সময়। ২০২০ সালে মহামারির সময় সংক্রমণের ভয়ে মানুষ হাসপাতালে যাওয়ার সাহস পেতেন না। তখন সারা দেশের মানুষের ভরসার ফোন নম্বর হয়ে ওঠে ১৬২৬৩। মানুষ ফোন করে জানতে চাইতেন, জ্বর হয়েছে কী করবেন? শ্বাসকষ্ট হচ্ছে কী করবেন? কোথায় করোনা পরীক্ষা করাবেন? কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে? স্বাস্থ্য বাতায়নের তথ্য বলছে, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরে সেখানে ১ কোটি ২৬ লাখ কল এসেছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ বলেন, '২০২৪ সালের আগস্টের পর থেকে সিনেসিস আইটির বিল বাকি আছে। তারা বকেয়া টাকা চেয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তারা বিষয়টি দেখছে।'
আরআই/