© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ৮ জন আটক

শেয়ার করুন:
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ৮ জন আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ৬ জন বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় পথপ্রদর্শককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃত ৬ বাংলাদেশি হলেন-ঝিনাইদহের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান সিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩) ও এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬)। এছাড়া তাদের সহায়তাকারী দুই পথপ্রদর্শক হলেন স্থানীয় ম্রো সম্প্রদায়ের লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় রুমা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ওই ৬ জন বাংলাদেশি স্থানীয় দুই পথপ্রদর্শককে নিয়ে থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। পরবর্তীতে তারা সীমান্ত অতিক্রম করে ত্রিমুখী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকেন। তাদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর বিজিবি নজরদারি বাড়ায়। রবিবার রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে রুমা বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ সময় তাদের তল্লাশি করে দুর্গম পাহাড়ে অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী তাঁবু, খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতিসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে বিজিবি।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, 'আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা ঠিক কী কারণে সেখানে অবস্থান করছিলেন অথবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা পুলিশের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।'

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহাসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসএ/

মন্তব্য করুন