© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিন্ময়কে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

শেয়ার করুন:
চিন্ময়কে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৮ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। কারা কর্তৃপক্ষ এটিকে রুটিনমাফিক বদলি বললেও চিন্ময়ের অনুসারীরা বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

আজ সোমবার ভোর ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তরের উদ্দেশ্যে রওনা হয় কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, আজ ভোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়।

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন দেশের একটি গণমাধ্যমকে বলেন, এটা একটা রুটিনমাফিক বদলি। এখানে জায়গার সংকুলান থাকায় বন্দী যাঁরা আছেন, তাঁদের মাঝেমধ্যে এদিক-ওদিক বদলি করা হয়। তাঁকেও রুটিন বদলি করা হয়েছে। কোনো বিশেষ কারণ নেই।

তবে চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য বলেন, ‘আমি নিজেও জানি না কী কারণে হঠাৎ তাঁর চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি হয়েছে। এটা শুধু সরকারই জানে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে।’

অপূর্ব ভট্টাচার্য বলেন, ‘উনি নিরামিষ খাবার ছাড়া কোনো খাবারই খান না। চলাফেরাও সাধারণদের চেয়ে আলাদা। চট্টগ্রাম কারাগারে উনার জন্য সেভাবে মোটামুটি রান্নাবান্না ও অন্যান্য ব্যবস্থা ছিল। এখন নতুন জায়গায় উনি কীভাবে খাবেন, কীভাবে থাকবেন, কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে উনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। লিভারের সমস্যা রয়েছে। আমাদের মনে হচ্ছে, এটা ষড়যন্ত্র। কারণ, উনি তো জেল কোড ভঙ্গ করার মতো মানুষ নন।’

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম কারাগারে আছেন চিন্ময়। তাঁর বিরুদ্ধে বর্তমানে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। কারাগারে থাকাবস্থায় এসব মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। অন্য চারটি মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দেন।

গত ৬ সেপ্টেম্বর ওই দুই মামলায় চিন্ময় জামিন পান। তবে অবশিষ্ট মামলাগুলোয় গ্রেপ্তার থাকায় তাঁর কারামুক্তি সম্ভব হয়নি।

উল্লেখ্য, চট্টগ্রামের এক বিএনপি নেতার করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময়। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কেএন/

মন্তব্য করুন