© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরবর্তী জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

শেয়ার করুন:
পরবর্তী জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন হচ্ছেন পরবর্তী জেমস বন্ড। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্য দিয়ে জেমস বন্ড সিরিজের আনুষ্ঠানিক চলচ্চিত্রে সপ্তম অভিনেতা হিসেবে এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ৪০ বছর বয়সী প্যাটিনসন।

সোমবার জেমস বন্ডের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার আগে এক্স ও ইনস্টাগ্রামে ০০৭-সংক্রান্ত আগের সব পোস্ট সরিয়ে ফেলা হয়। বাংলাদেশ সময় বিকেল ৩টার আগে সেখানে বারবার একটি বার্তা প্রকাশ করা হয়, ‘পরিচয় নিশ্চিত করা হয়েছে’। পরে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান বন্ডের পরিচিত টাক্সেডো স্যুট পরা প্যাটিনসনের প্রথম ছবি প্রকাশ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চরিত্রটির নতুন যুগের সূচনা হবে।

নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন প্যাটিনসন, জশ ও’কনর ও ক্যালাম টার্নারসহ আরও কয়েকজন। শুক্রবার খবর ছড়িয়ে পড়ে, অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্যাটিনসনকে চুক্তির ক্ষেত্রে বেশি সুবিধাজনক শর্ত দেওয়া হয়েছে। এতে বন্ড চরিত্রে তাঁর নির্বাচিত হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।



জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের শেষ চলচ্চিত্র ছিল ‘নো টাইম টু ডাই’। করোনাভাইরাস মহামারির কারণে মুক্তি পিছিয়ে যাওয়ার পর ২০২১ সালে ছবিটি মুক্তি পায়। সিরিজের ২৫তম এ চলচ্চিত্রের কাহিনিতে বন্ডের মৃত্যু দেখানো হলেও শেষের টাইটেল কার্ডে লেখা ছিল, ‘জেমস বন্ড ফিরবে’।

২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড চরিত্রে যাত্রা শুরু করেন ক্রেগ। সব মিলিয়ে পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তাঁর সময়ে বন্ড সিরিজ বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্কাইফল’ বিশ্বজুড়ে আয় করে ১১০ কোটি ডলার।

প্যাটিনসন অভিনয় করবেন সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্রে। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ও ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার এগেইন’ নামে দুটি অনানুষ্ঠানিক চলচ্চিত্রসহ বন্ড সিরিজের চলচ্চিত্রের সংখ্যা দাঁড়াবে ২৮টি।

এখনও নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি হবে ২০২৫ সালে অ্যামাজন-এমজিএম স্টুডিওস এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে বন্ড সিরিজের স্বত্ব কেনার পর নির্মিত প্রথম চলচ্চিত্র। দীর্ঘদিন ধরে সিরিজটির দায়িত্বে থাকা প্রয়াত প্রযোজক অ্যালবার্ট ‘কাবি’ ব্রকোলির উত্তরসূরি বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে স্বত্বটি কিনে নেয় প্রতিষ্ঠানটি।

নতুন চলচ্চিত্রটির দায়িত্বে রয়েছেন ‘হ্যারি পটার’ সিরিজের প্রযোজক ডেভিড হেইম্যান ও ‘স্পাইডার-ম্যান’ প্রযোজক অ্যামি প্যাসকেল। পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজির পরিচালক ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের নির্মাতা স্টিভেন নাইট।

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন প্যাটিনসন। বড় বাজেটের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যতিক্রমধর্মী ও ভিন্নধারার চলচ্চিত্রেও কাজ করে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ চলচ্চিত্রে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম নজরে আসেন তিনি। পরে ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান। ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ ও ‘ম্যাপস টু দ্য স্টারস’, রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’ এবং লিন রামসের ‘ডাই, মাই লাভ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রে ফেরেন প্যাটিনসন।

১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ডক্টর নো’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বড় পর্দায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন স্কটিশ অভিনেতা শন কনারি। ছবিটি ব্যাপক সাফল্য পাওয়ায় পরবর্তী পাঁচ বছরের মধ্যে আরও চারটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এর মধ্যে রয়েছে ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, ‘গোল্ডফিঙ্গার’, ‘থান্ডারবল’ ও ‘ইউ অনলি লিভ টোয়াইস’। অনেকের বিবেচনায় এগুলো বন্ড সিরিজের অন্যতম সেরা চলচ্চিত্র।

বন্ড চরিত্রের স্রষ্টা লেখক ইয়ান ফ্লেমিংয়ের পছন্দের অভিনেতা ছিলেন ইংলিশ অভিনেতা ডেভিড নিভেন। তিনি ১৯৬৭ সালের অনানুষ্ঠানিক ‘ক্যাসিনো রয়্যাল’ চলচ্চিত্রে বন্ডের ভূমিকায় অভিনয় করেন। অন্যদিকে অস্ট্রেলীয় মডেল জর্জ ল্যাজেনবি ১৯৬৯ সালের ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’ চলচ্চিত্রে একবারের জন্য বন্ড হন। পরে ১৯৭১ সালে ‘ডায়মন্ডস আর ফরএভার’ দিয়ে আবারও চরিত্রটিতে ফেরেন কনারি।

এরপর ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাতটি চলচ্চিত্রে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন রজার মুর। তাঁর অভিনয়ে চরিত্রটিতে যুক্ত হয় কিছুটা ব্যঙ্গাত্মক ও রসাত্মক মাত্রা। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দ্য স্পাই হু লাভড মি’, ‘মুনরেকার’ ও ‘অক্টোপুসি’।

আশির দশকের শেষ দিকে দুই চলচ্চিত্রে বন্ড চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা টিমোথি ডালটন। এরপর ছয় বছরের বিরতি দিয়ে ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ চলচ্চিত্রের মাধ্যমে আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনানের অভিষেক হয়। ড্যানিয়েল ক্রেগের আগে চারটি চলচ্চিত্রে ০০৭ চরিত্রে অভিনয় করেন তিনি।

এ পর্যন্ত জেমস বন্ডের আনুষ্ঠানিক চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে মোট ৭৮০ কোটি ডলার আয় করেছে। ইতিহাসের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির তালিকায় এর অবস্থান পঞ্চম। তবে চলচ্চিত্রের পণ্যসামগ্রী বিক্রি ও স্পনসরশিপ চুক্তি থেকে আয় এর চেয়েও অনেক বেশি বলে ধারণা করা হয়।

এসএ/


মন্তব্য করুন