দুনিয়া নয় বরং আখিরাতই আমাদের প্রধান লক্ষ্য: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
১১:২৮ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
দুনিয়ার জীবন নয়, আখিরাতকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখে জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংগঠনের সব কর্মকাণ্ডেও এর প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সঞ্চালনা করেন। শুরুতে আমিরে জামায়াত মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, ‘দুনিয়া নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।’
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক।
তিনি বলেন, অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি।
তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।’
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়।
তিনি আরও বলেন, ‘আমাদের স্পষ্ট কথা, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। এজন্য আমাদের দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।’
বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরআই/