গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০৯:০৪ এএম | ১৭ নভেম্বর, ২০২৬
গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে যুক্তরাজ্যের সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।
নাহিদ জানান, যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এসময়, তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লন্ডনে হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসর ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এমআই/