শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি: জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত
০৩:৩৮ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার পিছপা হয়নি। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকারও সেই বিধান গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি মনোনয়নের পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। তারপরও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি। শ্রমিকরা তাদের দাবি তুলে ধরবেন, অন্যদিকে মালিকপক্ষও নিজেদের অবস্থান জানাবেন। উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়েই একটি মজুরি কাঠামো নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্প ও কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় অতীতেও তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, ভবিষ্যতে এমন চেষ্টা করলে জনগণ আবারও তা প্রতিহত করবে।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নেতৃত্বে দলটির পক্ষ থেকে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানো হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/