নেপোটিজম বিতর্কে অনন্যা‘চাঙ্কি পান্ডের মেয়ে পরিচয়ে আমি গর্বিত’,
ছবি: সংগৃহীত
০৮:৪৮ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্কে বরাবরই আলোচনায় অনন্যা পান্ডে। অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে হওয়ায় ক্যারিয়ারের শুরু থেকেই এই বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে।
তবে বাবার পরিচয় নিয়ে কোনো নেতিবাচক ধারণা রাখতে চান না অনন্যা। বরং বাবার মেয়ে হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে স্বজনপ্রীতি বিতর্ক নিয়ে কথা বলেন অভিনেত্রী। সেখানে অনন্যা বলেন, নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো কারণ দেখেন না তিনি।
চাঙ্কি পান্ডের মেয়ে হিসেবে পরিচিত হতে তিনি গর্ববোধ করেন। এই পরিচয়ের সঙ্গে কোনো নেতিবাচক বিষয় জুড়ে দিতে চান না। অনন্যার ভাষায়, ‘আমি বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। চাঙ্কি পান্ডের সঙ্গে আমার পরিচয় কখনোই মুছে ফেলতে চাই না।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি নিজের স্বপ্নের জীবন কাটানোর সুযোগ পেয়েছি। আমি ভাগ্যবান, সুযোগ-সুবিধাপ্রাপ্ত।’ একই অনুষ্ঠানে জেনারেশন জি বা জেন জি সম্পর্কে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন অনন্যা। তার মতে, অকারণেই এই প্রজন্মকে নেতিবাচকভাবে দেখা হয়। আসলে আগের প্রজন্মের তুলনায় জেন জির কাছে সাফল্যের সংজ্ঞা কিছুটা আলাদা।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আগের প্রজন্মের কাছে সাফল্য অর্জনের নির্দিষ্ট একটি পথ ছিল। কিন্তু বর্তমান প্রজন্ম নিজেদের মতো করে সাফল্যের সংজ্ঞা তৈরি করছে। অনন্যা নিজে ব্যস্ততার মধ্যে থাকতে এবং দীর্ঘ সময় কাজ করতে পছন্দ করেন। তবে তার প্রজন্মের অন্য কেউ তুলনামূলক কম কাজ করেও সফল হতে পারেন। সেটিও তাদের নিজস্ব পথ।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। সম্প্রতি তাকে দেখা গেছে ‘চাঁদ মেরা দিল’ সিনেমায়। করণ জোহরের ধার্মা প্রোডাকশনসের সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন লক্ষ্য লালওয়ানি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সামনে ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় মৌসুমে দেখা যাবে অনন্যাকে।
এসএ/