© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে আধুনিক জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
উপজেলা পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে আধুনিক জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, চিকিৎসকদের দক্ষতা, আধুনিক জ্ঞান এবং উন্নত চিকিৎসা সরঞ্জামের সঠিক ব্যবহার বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও ভবিষ্যৎমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস, এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ।

‘বাধাহীনভাবে নিবিড় পরিচর্যা সেবা সবার নাগালে পৌঁছে দেওয়া’—এই প্রতিপাদ্য নিয়ে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।



স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এমন এ মুহিত বলেন, "জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে হবে। আমি নিশ্চিত যে, এই ক্ষেত্রে আপনাদের দক্ষতা, জ্ঞান এবং ব্যবহৃত সকল সরঞ্জাম আমাদের বর্তমান স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতের জন্য আরও উন্নত করতে অত্যন্ত সহায়ক হবে। 

অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার’-এর প্রেসিডেন্ট ডা. হাভিয়ের পেরেজ ফার্নান্দেজসহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার বিষয়ক গবেষণার সক্ষমতা বৃদ্ধি, তরুণ গবেষক তৈরি এবং বৈশ্বিক চিকিৎসা নীতিমালায় উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনে এসআইবি-র সভাপতি ও সিবকন ২০২৬-এর আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এ কে কামরুল হুদা এবং সংগঠনের উপদেষ্টা ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক মো. মোজাফফর হোসেনসহ দেশি-বিদেশি খ্যাতিমান চিকিৎসক, গবেষক ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

এমআর/ 

মন্তব্য করুন