© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি, গাড়িতে হামলা

শেয়ার করুন:
ফেনীতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি, গাড়িতে হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ এএম | ১৮ নভেম্বর, ২০২৬
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন উত্তেজিত লোকজন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। তিনি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। পারভেজ ফেনী শহরের গার্ডেন সিটির ১৬ তলায় একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামে একটি আইডি থেকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে ধারাবাহিকভাবে পোস্ট করেন। এ নিয়ে গত কয়েক দিন ধরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সর্বশেষ মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তেজিত জনতা তার বাসার নিচে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে পারভেজ ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের বাইরে এনে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা পারভেজকে মারধর করেন। এ সময় পুলিশের গাড়িতে থাকা অভিযুক্ত পারভেজকে লক্ষ্য করে লাঠিপেটা, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়।

ইটপাটকেলের আঘাতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এ ঘটনায় ফেনী মডেল থানার কনস্টেবল বানু দাশ ও পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ উপস্থিত জনতার মধ্যে অন্তত চারজন আহত হন।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিষয়গুলো তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাকে গাড়িতে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। তবে পুলিশ সদস্যদের আহতের বিষয়টি অস্বীকার করেন তিনি। 

আরআই/

মন্তব্য করুন