© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকে চমকে দিয়ে দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

শেয়ার করুন:
বিশ্বকে চমকে দিয়ে দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৭ এএম | ১৮ নভেম্বর, ২০২৬
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার অর্জন করেছে আরও দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতায় থাকা উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।

মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন (রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস) এই দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি রেকর্ড দুটি অর্জিত হয়।

ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। সেখান থেকে পবিত্র মসজিদুল হারাম ও আশপাশের মক্কা নগরীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়।

২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় ক্লক টাওয়ার জাদুঘর। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় বিস্তৃত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশল প্রযুক্তি তুলে ধরা হয়েছে।

এখানে দর্শনার্থীরা জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রপাতির বিবর্তন এবং ইসলামী বর্ষপঞ্জির মাস শুরুর জন্য গুরুত্বপূর্ণ চাঁদের নতুন অংশ বা হিলাল পর্যবেক্ষণে এসব যন্ত্রের ব্যবহার সম্পর্কে জানতে পারেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে নিকটতম মিলিমিটার পর্যন্ত হিসাব করে। তাদের সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হলো এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন নিদর্শন ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।

৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ সম্পন্ন হয় ২০১২ সালে। এটি পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি টাওয়ার নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ। সৌদি বিনলাদিন গ্রুপ এই কমপ্লেক্স নির্মাণ করেছে। ঘড়ির ওপরের ৭১ মিটার উচ্চতার চূড়াসহ টাওয়ারটির মোট উচ্চতা ৬০১ মিটার।

টাওয়ারটির চারদিকে রয়েছে চারটি অভিন্ন বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের ব্যাসের প্রায় ছয় গুণ। এর আগে ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের রেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় মক্কা ক্লক টাওয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত ঘড়ির ডায়ালের রেকর্ডও অর্জন করেছিল স্থাপনাটি।

কেএন/

মন্তব্য করুন