গভীর রাতে আবাসিক হোটেল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা
ছবি: সংগৃহীত
০১:২০ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬
সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে আম্বরখানার হোটেল পলাশের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে হোটেল পলাশে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় হোটেলের একটি কক্ষ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ২০১৯ সালের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেলোয়ারকে গ্রেফতারের সময় হোটেলের সামনে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, রাতে হোটেল পলাশ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এফআর/