© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে, প্রশ্ন মুনমুনের

শেয়ার করুন:
সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে, প্রশ্ন মুনমুনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২০ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে, এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের জন্য সাহায্যের পরিবর্তে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সংকট, শিল্পীদের কর্মহীনতা এবং এফডিসিতে রাজনীতি চর্চার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।

পোস্টের শুরুতে অতীতে এফডিসিতে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা স্মরণ করেন মুনমুন। তিনি লেখেন, ‘যেদিন এফডিসিতে আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল, সেদিন পুরো এফডিসি যেন আমার বিরুদ্ধে কথা বলেছে। আমার ওস্তাদ বলেছিলেন চুপ হয়ে যাও, আমি চুপ হয়ে গেছি, প্রতিবাদ করিনি। আজ অনেক শিল্পী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেখে ভালো লাগছে।’

চলচ্চিত্রাঙ্গনে রাজনৈতিক প্রভাব ও শিল্পীদের বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলে মুনমুন জানান, দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পী ও কলাকুশলীদের হাতে কোনো কাজ নেই। তার মতে, কর্মহীনতার কারণেই সেখানে রাজনৈতিক শক্তির ব্যবহার বাড়ছে।

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, ‘পুরনো সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু আমাদের এফডিসির উন্নতির কোনো লক্ষণই দেখছি না। শুধুমাত্র রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়া শিল্পী ও কলাকুশলীরা। আসলে সিনেমা তো সবার জন্য, দলমত নির্বিশেষে সবার জন্য সিনেমা। সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?’

শিল্পীদের অসহায়ত্বের কথা তুলে ধরে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মুনমুন। তিনি বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচাতে আমি আমাদের বর্তমান সরকারকে এগিয়ে আসতে অনুরোধ করছি। সাহায্য করে নয়, শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ দিন। একটানা বেকার জীবনে ভিক্ষা করে খাওয়া ছাড়া শিল্পী ও কলাকুশলীদের আর কোনো রাস্তা নেই। অনেক শিল্পীকেই দেখেছি বাধ্য হয়ে সব সরকারের আমলেই রাজনীতিতে ব্যস্ত হয়ে যান, এটা শুধুমাত্র কর্মহীনতার কারণেই।’

বিশ্বজুড়ে বড় পর্দার সংকট ও স্মার্টফোনের প্রসারের বিষয়টি উল্লেখ করে বাংলা চলচ্চিত্র রক্ষায় সরকার ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান এই নায়িকা। মুনমুন লেখেন, ‘বড় স্ক্রিনের ধস শুধু এ দেশে লাগেনি, সারা বিশ্বেই এর বৈরী প্রভাব দেখা যাচ্ছে। বিগ স্ক্রিন থেকে মানুষ এখন স্মার্টফোনের ছোট স্ক্রিনে সবকিছু দেখার সুযোগ পেয়েছে। তাই শুধু বিগ স্ক্রিন নয়, টেলিভিশনও এখন আগের মতো চলে না। এমন কিছু করুন যাতে ছোট স্ক্রিনে বিগ স্ক্রিনের শিল্পীদের নিয়মিত দেখা যায় এবং তাদের কর্মসংস্থান তৈরি হয়।’

এ বিষয়ে বক্তব্য জানতে চিত্রনায়িকা মুনমুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

এফআর/

মন্তব্য করুন