© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন

শেয়ার করুন:
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের দুটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। দুই মিনিট পর, ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিসকা স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনটির একটি বগিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনের ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর দুটি সিট পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে যাত্রীসংখ্যা খুব বেশি ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই ট্রেনে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ট্রেনটি বিসকা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে শম্ভুগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই একটি বগিতে আগুনের ঘটনা ঘটে। পরে গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এফআর/

মন্তব্য করুন