‘পারমাণবিক যুদ্ধ’ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও জিনপিং
ছবি: সংগৃহীত
০৮:৪৪ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
চীনে ৯০ মিনিটের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি নিয়ে যৌথ ঘোষণা’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যৌথ ঘোষণায় তিন নেতা কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো, এর বিস্তার রোধ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে একমত হয়েছেন তারা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই করা উচিত নয়।’ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিন নেতা। একই সঙ্গে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়েও আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের এখতিয়ারের অপব্যবহার করা উচিত নয়।
পারমাণবিক অস্ত্রকে ‘মানবতার মাথার ওপর ঝুলে থাকা ড্যামোক্লিসের তরবারি’ বলে বর্ণনা করেছেন শি জিনপিং। তিনি বলেন, এসব অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং পুরোপুরি ধ্বংস করতে হবে। তার ভাষায়, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই করা উচিত নয়।
বৈঠক সম্পর্কে শি জিনপিংয়ের মূল্যায়ন, এটি ছিল ‘ইতিবাচক, গঠনমূলক ও অত্যন্ত ফলপ্রসূ’। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন দেশের পাশাপাশি থেকে লড়াই করার ইতিহাস স্মরণ করেন শি। একই সঙ্গে তিনি বলেন, সব দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগের প্রতি বড় শক্তিগুলোর সম্মান দেখানো উচিত। সংলাপ অব্যাহত থাকলে এবং আলোচনার দরজা খোলা থাকলে শান্তির আশা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, বৈঠকে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে তিন দেশের সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও চীন ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চায়।
বৈঠকের পর সাংবাদিকদের পুতিন জানান, শেনঝেনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনায় জাতিসংঘের সংস্কার, নিরাপত্তা ইস্যু এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নিয়ে আলোচনা হয়েছে। পারমাণবিক প্রযুক্তি ও শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারে রাশিয়ার বিশেষ সুবিধা রয়েছে বলেও দাবি করেন তিনি। পুতিন বলেন, পারমাণবিক প্রযুক্তিতে রাশিয়া একটি শীর্ষস্থানীয় দেশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। তবে ট্রাম্প প্রশাসনের মস্কো নীতিকে আশাবাদের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
এর আগে ক্রেমলিন প্রকাশিত একটি ভিডিওতে বৈঠক শেষে শি জিনপিংয়ের উদ্দেশে পুতিনকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না, সবকিছু এত ভালোভাবে হবে বলে কেউ আশা করেছিলেন।’
বৈঠকের পরিবেশ ‘ভালো’ ছিল বলে জানিয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তবে আলোচনার বিস্তারিত জানাতে চাননি তারা। বলেছেন, পুতিন নিজেই সাংবাদিকদের এ বিষয়ে জানাবেন। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, নেতাদের আলোচনায় ইউক্রেন প্রধান বিষয় ছিল না।
ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করেন। পুতিনকে নিজের বন্ধু বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগে শি জিনপিংয়ের ভূমিকা নিয়ে ইউরোপের বিভিন্ন মহলে হতাশা বাড়ছে। অন্যদিকে, বিবিসির রাশিয়াবিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গের বিশ্লেষণ অনুযায়ী, পুতিনের জন্য এই সম্মেলন ইতিমধ্যেই একটি কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।
এমআই/