আমি আবারও নিজেকে প্রমাণ করতে চাই: পচেত্তিনো
ছবি: সংগৃহীত
১২:৩৩ এএম | ২০ নভেম্বর, ২০২৬
চলতি মৌসুমে বাজে সময় পার করছে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দলকে ফর্মে ফেরাতে মিচেল ক্যারিককে বিদায় করে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মরিসিও পচেত্তিনোর কাঁধে। দায়িত্ব নেওয়ার পর নিজেকে ফের একবার শ্রেষ্ঠ প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।
হাইতির বিপক্ষে ২-০ গোলের জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দায়িত্ব শেষ করেন পচেত্তিনো। এরপর ব্যক্তিগত বিমানে সিনসিনাটি থেকে ইংল্যান্ডে পাড়ি জমান। ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন অনুশীলন মাঠে পৌঁছে যান ৫৪ বছর বয়সী এই কোচ।
ম্যানইউর দায়িত্ব নেওয়ার পেছনে কাজ করেছে ক্লাব ফুটবলের দৈনন্দিন ব্যস্ততায় ফেরার আকাঙ্ক্ষা। কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে দেখা হয়েছিল পচেত্তিনোর। গার্দিওলা তাকে প্রশ্ন করেছিলেন, প্রিমিয়ার লিগে ফিরতে চান কি না, ক্লাব ফুটবলের প্রতিদিনের ব্যস্ততা মিস করেন কি না। জবাবে পচেত্তিনো বলেছিলেন, কিছুটা মিস করেন। সেই অনুভূতিই তাকে নতুন চ্যালেঞ্জের দিকে টেনেছে।
পচেত্তিনো বলেন, ‘এ ধরনের সুযোগ এলে, যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বের সুযোগ এলে আমি বলবো হ্যাঁ, আমি এটা চাই। আমি নিজেকে আবারও প্রমাণ করতে চাই।’
তবে কাজটা মোটেও সহজ নয়। প্রিমিয়ার লিগে ১৮তম স্থানে থাকা ইউনাইটেডের সামনে এখন অবনমন এড়ানোর চ্যালেঞ্জ। লিগে একমাত্র জয়টি এসেছিল আগস্টে। পচেত্তিনোর প্রথম ম্যাচই অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে।

এর আগে সাউদাম্পটন, টটেনহাম ও চেলসির কোচ হিসেবে প্রিমিয়ার লিগে কাজ করেছেন পচেত্তিনো। তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার ক্ষেত্রেও তার সুনাম রয়েছে। হ্যারি কেইন, সন হিউং-মিন ও কোল পালমারের মতো ফুটবলারদের উন্নতিতে তার ভূমিকা ছিল। যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই বছরের অভিজ্ঞতাও তাকে নতুনভাবে প্রস্তুত করেছে বলে মনে করেন তিনি।
পচেত্তিনোর ভাষায়, ‘গত দুই বছরে আমরা শিখেছি, কীভাবে একটি মিটিং, মাঠের একটি অনুশীলন কিংবা একটি বার্তার মাধ্যমে প্রভাব তৈরি করা যায়। এখন আমাদের কোচিং স্টাফ আরও পরিপূর্ণ। আমরা বলছি না যে সব ম্যাচ জিতব, তবে পরবর্তী প্রকল্পের জন্য আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।’
একেএস