বারিধারা ডিওএইচএসে অভিযানকার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০১:১৭ এএম | ২০ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। যারমধ্যে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা মামলা আছে।
সূত্র জানায়, তার বিরুদ্ধে শ্যামনগর থানায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই থানায় ২০২৬ সালের ২ জুন করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।
এছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে।
এসআরবি সূত্র আরও জানায়, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। ২০২৬ সালের ১৯ মার্চ একই থানায় করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
এছাড়া ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। ওই মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর আদালতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।
এসআরবি সূত্র বলেছে, গ্রেপ্তারের পর আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একেএস