© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুরের মঠবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

শেয়ার করুন:
পিরোজপুরের মঠবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ২০ নভেম্বর, ২০২৬
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালত প্রাঙ্গনের সামনে পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে মঠবাড়িয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে প্রথম ককটেলটি বিস্ফোরিত হলেও দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একেএস

মন্তব্য করুন