© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের জানমালের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ব্যর্থ: শিবির সভাপতি

শেয়ার করুন:
দেশের জানমালের নিরাপত্তা দিতে বর্তমান সরকার ব্যর্থ: শিবির সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ২০ নভেম্বর, ২০২৬
দেশে জানমালের নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে তিনি এ সব কথা বলেন। 

সাদ্দাম বলেন, বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দেশের মানুষের নিরাপত্তাহীনতার দায় সর্বপ্রথম প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এত অব্যবস্থাপনা এবং দেশে অরাজক পরিস্থিতির ক্ষেত্রে তার ভূমিকা একেবারেই নগণ্য এবং তুচ্ছ পর্যায়ে আমরা লক্ষ্য করছি। সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ না নেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য একজন মন্ত্রীকে এখানে যদি না বসায়, এর দায় দায়িত্ব এবং সামনে যে পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এর সম্পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে।

সাদ্দাম হোসেন আরও বলেন, সকল রাজনৈতিক দল একমত হয়েছিল যে সংসদ শুরু হওয়ার ১৮০ কার্যদিবসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর থাকবে। কিন্তু আমরা দেখেছি শুরুতেই তারা নির্বাচিত হওয়ার পরে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল জামায়াতে ইসলামী তার শপথ নিয়েছে, কিন্তু সরকারি দল ৭০ শতাংশ মানুষের সাথে প্রতারণা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে সেই রায়কেই তিনি তোয়াক্কা করেছেন না এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে আওয়ামীলীগ অগ্নি সন্ত্রাস করার সাহস পাচ্ছে। সামগ্রিকভাবে সরকারের সদিচ্ছার অভাব এবং আওয়ামী লীগের সাথে বিএনপির যে ধরনের একটা আঁতাতের মধ্য দিয়ে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসছে তারই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করছে। প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে না, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখানে রয়ে গেছে। যার ফলশ্রুতিতে পুরো কাঠামোটা এখন করাপ্টেড অবস্থায় আছে। এই কাঠামোর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা স্ট্রাকচারাল ওয়েতে আমাদের প্রতিবাদগুলো জানানোর চেষ্টা করছি।

ইবি শাখা সভাপতি  ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-০৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-০২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর'র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, চাবির রিং, ‘তওবার অন্তরায়’ বই, কলম, টেবিল ক্যালেন্ডার, সংগঠনের লোগো সম্বলিত প্যাড, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরআই/

মন্তব্য করুন