© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাহাড়ে তিন দিনের বিয়ের আয়োজন মিমি চক্রবর্তীর

শেয়ার করুন:
পাহাড়ে তিন দিনের বিয়ের আয়োজন মিমি চক্রবর্তীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৯ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে টালিউডে এখন বিয়ের গুঞ্জন। পাত্র সিদ্ধার্থ দত্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর বিয়ের কার্ড ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কার্ডে উল্লেখ করা হয়েছে বিয়ের নানা আয়োজনের সময়সূচিও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ নভেম্বর কলকাতায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কালিম্পংয়ে চলবে বিশেষ আয়োজন। এদিকে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও চলছে প্রস্তুতি।



বিয়ের কার্ডে বর-কনের পাশাপাশি বিশেষ জায়গা পেয়েছে মিমির তিন পোষ্য কুকুর- চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পোষ্যদের পরিবারের সদস্য হিসেবেই দেখেন অভিনেত্রী। তাই জীবনের বিশেষ আয়োজনেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন বলে কার্ডটি ঘিরে আলোচনায় উঠে এসেছে বিষয়টি।

সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। ভারতীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে তাঁকে দেশটির নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে মিমি এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি। ফলে বিষয়টি নিয়ে তাঁর পক্ষ থেকে নিশ্চিত বক্তব্যের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান মিমি চক্রবর্তী। এরপর ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘পোস্ত’ ও ‘ড্রাকুলা স্যার’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত এই অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর এ দেশের দর্শকদের মধ্যে তাঁর পরিচিতি আরও বাড়ে।

এসএ/

মন্তব্য করুন