© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন

শেয়ার করুন:
আজ ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৮ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
আজ ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন। সংবাদপাঠিকা থেকে বড় পর্দার নায়িকা হয়ে ওঠা এই অভিনেত্রীর চলচ্চিত্রজীবনের এক দশক পেরিয়েছে। এই সময়ে সাফল্য, জনপ্রিয়তা, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা ও নানা বিতর্কের মধ্য দিয়ে এগিয়েছে তাঁর পথচলা।

২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বুবলীর। একই বছর মুক্তি পায় তাঁদের জুটির আরেক সিনেমা ‘শুটার’। শুরুতেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সিনেমায় এই জুটির উপস্থিতি তাঁকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন করে তোলে।



পর্দার রসায়নের পাশাপাশি শাকিব খানের সঙ্গে বুবলীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও দীর্ঘদিন আলোচনা হয়েছে। ২০২২ সালে তাঁদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আসে। তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ।

তবে শাকিব খানের বাইরে নিজের অভিনয়পরিচয় গড়ার চেষ্টাও অব্যাহত রেখেছেন বুবলী। ‘ক্যাসিনো’, ‘লোকাল’, ‘প্রহেলিকা’ ও ‘দেয়ালের দেশ’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। বিশেষ করে ‘প্রহেলিকা’ ও ‘দেয়ালের দেশ’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। ২০২৬ সালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসবেও সেরা অভিনেত্রীর সম্মাননা পান এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও অভিনয়ে বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুবলী। এবার প্রযোজনায় যুক্ত হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। সব মিলিয়ে ঢালিউডে নিজের অবস্থান আরও দৃঢ় করার প্রত্যাশা নিয়ে নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন এই অভিনেত্রী।

এসএ/

মন্তব্য করুন