বিশ্বসেরা সাময়িকীর তালিকায় আলিয়ার সঙ্গে শাহরুখপুত্র!
ছবি: সংগৃহীত
০৬:২২ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং শাহরুখপুত্র ও চলচ্চিত্র নির্মাতা আরিয়ান খান, পায়েল কাপাডিয়া এবং তেজা রিও ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’-এর প্রথম তালিকায় স্থান পেয়েছেন। ব্যবসা, বিনোদন, বিজ্ঞান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মতো বিভিন্ন ক্ষেত্রে যারা ভবিষ্যতের নেতৃত্ব দিচ্ছেন, তাদের স্বীকৃতি জানাতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্বখ্যাত এই ম্যাগাজিনটি বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের নিয়ে এই তালিকা তৈরি করেছে। তালিকার একটি প্রচ্ছদে রয়েছেন, আলিয়া ভাট, আর অন্য একটি প্রচ্ছদে একসঙ্গে দেখা যাচ্ছে আরিয়ান খান, পায়েল কাপাডিয়া ও ‘আং’ খ্যাত তেজা রিওকে। মহাকাশ প্রযুক্তি কোম্পানি ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর সহ-প্রতিষ্ঠাতা, সিইও এবং সিটিও পবন কুমার চন্দনা আরও একটি প্রচ্ছদে জায়গা পেয়েছেন। এই তালিকায় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ এবং অনিরুদ্ধ রবিচন্দরও স্বীকৃতি পেয়েছেন।
বিনোদন জগৎ থেকে আরও যারা এই তালিকায় রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জিতেন্দ্র কুমার, সামান্থা রুথ প্রভু, আলী ফজল, সাই পল্লবী, ঈশান খট্টর, নয়নতারা, ভেদাং রাইনা, ভিকি কৌশল, পার্বতী থিরুবোথু এবং জাহান কাপুর। এছাড়া চলচ্চিত্র নির্মাতা পা রঞ্জিত ও অনুপর্ণা রায় এবং শিল্পী আরুশি মুদগাল ও ইপ্সিতা চক্রবর্তী সিং-ও এই তালিকায় স্থান পেয়েছেন।
সংগীত বিভাগে রয়েছেন, অনিরুদ্ধ, আরিভু, দিলজিৎ, ফাহিম আবদুল্লাহ, ঈশান ঘোষ, জাসলিন রয়্যাল এবং প্রতীক কুহাদ। এই তালিকার প্রকাশ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর মুম্বাইতে ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া গালা’-এর আয়োজন করবে ‘টাইম’ ম্যাগাজিন।
আলিয়া ভাট দেশের অন্যতম শীর্ষ তারকা; তাকে সম্প্রতি অ্যাকশনধর্মী সিনেমা ‘আলফা’-তে দেখা গেছে। এরপর তাকে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন ভিকি কৌশল এবং তার স্বামী, অভিনেতা রণবীর কাপুর।
সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ২০২৫ সালে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বাস্টার্ডস অফ বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পায়েল কাপাডিয়া ২০২৪ সালে ইতিহাস গড়েন, যখন তার পরিচালিত সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার জয় করে।
তেজা তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অং’-এর জন্য পরিচিত। ছবিটি চলতি বছরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্ল্যাটফর্ম প্রাইজ’ জয় করে, যার ফলে এটি ২০২৭ সালের অস্কারে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করে। এক বিবৃতিতে তেজা জানান, এই স্বীকৃতি আসলে সেই মানুষ ও সংস্কৃতির প্রতি সম্মান, যা তার কাজকে রূপ দিয়েছে।
তিনি বলেন, ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’-তে অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত বিনম্র ও উৎসাহব্যঞ্জক একটি বিষয়ভ আমি আশা করি, এই স্বীকৃতি উত্তর-পূর্ব ভারত থেকে উঠে আসা সৃজনশীল কণ্ঠস্বর ও গল্পগুলোর প্রতি সবার নজর আকর্ষণ করবে এবং আরও অনেককে দৃঢ় সংকল্প নিয়ে নিজেদের পথ চলতে উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, আমার কাছে এটি একই সঙ্গে একটি সম্মান এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখা, অন্বেষণ করা ও গুরুত্বপূর্ণ সব গল্প বলে যাওয়ার একটি তাগিদ।
এসএ/