বিএনপি পাওয়ারে গেছে বলেই ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি ভিসি
ছবি: সংগৃহীত
০৬:৫১ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
‘আমাদেরও মাঝের মধ্যে ট্যাগ শুনতে হয়, বিএনপির ভাইস চ্যান্সেলর। ওরে বাবারে এখানে ট্যাগ দেওয়ার কী আছে। বিএনপি পাওয়ারে বিধায় তো আজ ভাইস চ্যান্সেলর হয়েছি। এখানে কী লুকানোর কিছু আছে?’— সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের এমনই একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন বাদ জুমা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিগত ১৫-১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলের কথা উল্লেখ করে ওই ভিডিওতে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে আরও বলতে শোনা যায় ‘বহু সুশীল লোকজন তো ছিল, ৫ আগস্টের পর তাদের আসল পরিচয় ও কাজ আমরা দেখেছি। মানুষের আত্মপরিচয় লুকানোর কিছু নেই...’
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে তাকে বলতে জবি উপাচার্য বলেন, ‘আপনি যদি এ দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন ও অন্তরে ধারণ করেন, তবে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করতে হবে। বিগত ১৫-১৬ বছর আমরা দেশের কোন শ্রেণির নাগরিক ছিলাম, তা নিজেরাই বুঝতাম না। আমাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মাধ্যমে আল্লাহ আমাদের সেই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’
দেশের চলমান পরিস্থিতি ও সুনাগরিকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি চান, তবে আমাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে। অথচ গত দুই বছর অনেকেই দেশে নির্বিঘ্নে বসবাস করলেও সম্প্রতি নানা নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমপির বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং কারাগারে হামলার চেষ্টাও হয়েছে।’
এমআই/