৪৮ ঘণ্টায় কুমিল্লায় আটক ২৮৮
ছবি: সংগৃহীত
০৫:০৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ ২৮৮ জনকে আটক করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘জনগণের জানমালের নিঘরাপত্তা নিশ্চিত করে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ সতর্ক রয়েছে। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এমআর/