সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই: মো. সেলিম ভূঁইয়া
ছবি: সংগৃহীত
০৫:১৬ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
শনিবার (২১ নভেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষকদের আয়োজিত একটি সভায় এ মন্তব্য করেন তিনি।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। আগামী ১০ বছরের গ্যারান্টি দিয়ে দিলাম। এ দেশের লোকজন যেভাবে আমাদের ভোট দিছে, অনেক প্রত্যাশা নিয়ে দিছে। লোকেরা জানে, যা করার বিএনপি করবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ আছি আপনাদের পাশে।’
শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা স্বাধীনতা শিক্ষক পরিষদ করছেন। আর বাকি শিক্ষকরা কি পরাধীন ছিল। সবাই স্বাধীনতার নাম দেয়, এটা ভুয়া একটি স্লোগান ছিল।’
তিনি আরও বলেন, এখন গুপ্ত আর ফ্যাসিস্টদের সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। শিক্ষক সংগঠন করেন, একজন শিক্ষক বিভিন্ন দল-মতের থাকতে পারেন। যদি তারা কোনো অপরাধে জড়িত না থাকেন, তাঁদের রাখেন। তবে নেতৃত্ব তাদের হাতে নেতৃত্ব দিয়েন না।