© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌরভ গাঙ্গুলির শুটিং সেটে দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের

শেয়ার করুন:
সৌরভ গাঙ্গুলির শুটিং সেটে দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় আসছে নতুন গেম শো ‘খেলো বাংলা’। স্টার জলসায় প্রচারের অপেক্ষায় থাকা অনুষ্ঠানটির সেটেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শুটিং শুরু হওয়ার আগেই প্রাণ হারিয়েছেন চন্দ্রকান্ত স্বাইন নামে এক টেকনিশিয়ান। তার বয়স হয়েছিল ৩২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে কলকাতার জোকারের নারায়ণী স্টুডিওতে দুর্ঘটনাটি ঘটে। তখনো অনুষ্ঠানটির শুটিং শুরু হয়নি। সেটে চলছিল আলো স্থাপন ও বৈদ্যুতিক সংযোগের কাজ।

জানা গেছে, প্রায় ২০ ফুট উঁচু মইয়ে উঠে ফ্লেক্স লাগানোর সময় নিচে পড়ে যান চন্দ্রকান্ত। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে উপস্থিত ব্যক্তিদের একাংশের ধারণা, শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে থাকতে পারেন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অনুষ্ঠানটির সেটে নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

চন্দ্রকান্তের পরিবারে রয়েছেন তার বাবা-মা ও এক ভাই। বড় ভাই সূর্যকান্তও টালিগঞ্জের বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি আর্ট বিভাগের সঙ্গে যুক্ত। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গ্যাংটকে শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন টালিপাড়ার আরেক টেকনিশিয়ান ও লাইট বয় পিন্টু মণ্ডল। পরপর দুই টেকনিশিয়ানের মৃত্যুর ঘটনায় বিনোদন অঙ্গনের পর্দার আড়ালে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘খেলো বাংলা’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি স্টার জলসায় প্রচারিত হওয়ার কথা রয়েছে।

এসএ/

মন্তব্য করুন