আইসিইউতে লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
মাতিয়া বানু শুকু লেখক ও নির্মাতা হিসেবে পরিচিত। তার নির্মিত বহু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। নাট্যকার হিসেবেও খ্যাতি লাভ করেছেন। ‘লাল মোরগের ঝুটি’ সিনেমার প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তার স্বামী গুণী নির্মাতা নূরুল আলম আতিক।
অনেকদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত। হাসপাতালের কেবিনে রেখে তার চিকিৎসা চলছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
জানা গেছে, ক্যান্সার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় তার শারীরিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। অক্সিজেনের মাত্রা অনেক কমে যাওয়ায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন প্রয়োজন হচ্ছে তার।
পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা তাকে কেবিন থেকে সরিয়ে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন।
চিকিৎসার পরবর্তী ধাপ নিয়েও আলোচনা চলছে। জানা গেছে, মাতিয়া বানু শুকুর জন্য সিভি লাইন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। সিভি লাইন বা সেন্ট্রাল ভেনাস লাইন হলো শরীরের বড় কোনো শিরায় স্থাপন করা বিশেষ ধরনের নল, যার মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও তরল সরবরাহ করা যায়। তবে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাতিয়া বানু বাংলাদেশের ছোট পর্দা এবং চলচ্চিত্রে অত্যন্ত সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার গল্পগুলো তার নির্মাণে অত্যন্ত নিপুণভাবে ফুটে ওঠে। তিনি ২০২১ সালের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।
এসএ/