নেশনস লিগের কোয়ার্টারে মুখোমুখি স্পেন-ফ্রান্স, নরওয়েকে পেল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
১১:৫৩ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
সুইজারল্যান্ডের নিওঁয়ে উয়েফার সদর দপ্তরে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শীর্ষ স্তরের এই ড্রয়ে বেশ কিছু রোমাঞ্চকর ও অপ্রত্যাশিত লড়াই চূড়ান্ত হয়েছে। তবে এই ড্রয়ে সবচেয়ে বড় আকর্ষণ ফ্রান্স ও স্পেনের মুখোমুখি হওয়া।
গ্রুপ পর্ব শেষে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। অন্যদিকে রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নেয় বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন ও নরওয়ে।
ড্র অনুযায়ী কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স। ফলে ফুটবলবিশ্ব আবারও দেখতে যাচ্ছে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ। অন্য তিনটি কোয়ার্টার ফাইনালে পর্তুগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম এবং ইংল্যান্ড মুখোমুখি হবে নরওয়ের।
সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের মধ্যকার জয়ী দল খেলবে নেদারল্যান্ডস ও পর্তুগালের ম্যাচের জয়ীর বিপক্ষে। অর্থাৎ ফাইনালের আগে স্পেনের মুখোমুখি হওয়ার হাত থেকে বেঁচে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ফ্রান্সের বর্তমান কোচ জিনেদিন জিদানের জন্য স্পেন ম্যাচটি আলাদা গুরুত্ব বহন করছে। খেলোয়াড়ি জীবনে স্পেনের বিপক্ষে চারবার মাঠে নেমেছিলেন এই ফরাসি কিংবদন্তি। এর মধ্যে প্রথম দেখাটি ছিল তিক্ত স্মৃতির। সেবার ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামেন জিদান। তবে ম্যাচের মাত্র ১৮ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
তবে সিনিয়র পর্যায়ে স্পেনের বিপক্ষে জিদানের রেকর্ড বেশ উজ্জ্বল। ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে তার খেলা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। চার বছর পর ২০০০ ইউরোর কোয়ার্টার ফাইনালে জিদানের গোলেই এগিয়ে গিয়ে স্পেনকে ২-১ ব্যবধানে টুর্নামেন্ট থেকে বিদায় করেছিল ফ্রান্স।

২০০৬ বিশ্বকাপেও স্পেনের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছিলেন জিদান। শেষ ষোলোর সেই ম্যাচে যোগ করা সময়ের (৯২ মিনিট) গোলে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে স্প্যানিশদের বিদায়ঘণ্টা বাজিয়েছিলেন তিনি।
এবার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়ে ফ্রান্সের হয়ে প্রতিশোধ নেওয়ার পালা জিদানের। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই স্পেনের কাছে ২-০ গোলে হেরেই শিরোপার স্বপ্ন ভেঙেছিল ফরাসিদের।
নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দুই লেগে। প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ২৫ থেকে ২৭ মার্চ এবং ফিরতি লেগ ২৮ থেকে ৩০ মার্চ।
চার কোয়ার্টার ফাইনালের জয়ী দলগুলো নিয়ে ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন অনুষ্ঠিত হবে নেশনস লিগের ফাইনাল। চূড়ান্ত পর্বের স্বাগতিক দেশ এখনো চূড়ান্ত না হলেও শেষ চারে ওঠা চার দলের মধ্য থেকেই যে কোনো একটি দেশ আয়োজক হবে।
একেএস