এমবাপের পেনাল্টি মিস, আবারও রিয়ালকে জেতালেন এসপি
ছবি: সংগৃহীত
০৭:৪৯ এএম | ২২ নভেম্বর, ২০২৬
পিছিয়ে পড়েও সেল্টা ভিগোর বিপক্ষে জিতল রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনাকে চাপে রাখল তারা।
সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথিরা হোসে মরিনিওর দলকে চমকে দেয় ষষ্ঠ মিনিটে লিড নিয়ে। উইলিয়ট সুইডবার্গের স্কয়ার বলে গোলপোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করেন পাবলো দুরান।
রিয়ালের সমতা ফেরাতে ঘাম ছুটেছে। ৩৯তম মিনিটে ১-১ করার সুযোগ পেয়েও ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। পেনাল্টি বক্সে ফাউল আদায় করে স্পট কিক থেকে বারের ওপর দিয়ে বল মারেন তিনি। অফসাইডের কারণে জুড বেলিংহামের গোল বাতিল হয়। শেষ পর্যন্ত এই ইংলিশ মিডফিল্ডার দলকে সমতায় ফেরান। ৬৬তম মিনিটে কিলিয়ান এমবাপের বাড়ানো বলে বক্সের প্রান্ত থেকে জালে বল জড়ান তিনি।
মনে হচ্ছিল রিয়াল একটি পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে। তাতে করে রোববার ভিয়ারিয়ালকে স্বাগত জানানোর আগে বার্সেলোনা আরও ব্যবধান বড় করত। কিন্তু কার্লোস এসপি বেঞ্চ থেকে উঠে এসে রিয়ালকে আবার উদ্ধার করেন। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তার হেড প্রথমে অতিথি গোলকিপার ঠেকালেও ফিরতি শটে জাল কাঁপান তিনি।
২১ বছর বয়সী এসপি এর আগে বদলি নেমে এস্পানিওল ও এলচের বিপক্ষে শেষ দিকে গোল করে রিয়ালকে জয় এনে দেন।
এই জয়ে রিয়াল পয়েন্টের হিসাবে বার্সাকে ছুঁল। ব্যবধান বাড়াতে আজ (রোববার) ভিয়ালিয়ালের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা।
এফআর/