এবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগকারী ঢাবি ছাত্রী।
এব্যাপারে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন গণমাধ্যমকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে এখনো কোনো আদেশ দেননি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর ডাকসুর সাবেক ভিপি নুরুর হক নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে নুর তার বিরুদ্ধে করা ধর্ষণে সহযোগিতা মামলার বাদীকে ‘চরিত্রহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই। এত নাটক যে করছে, সে চরিত্রহীন।
টাইমস/এসএন