এআই দিয়ে পরীক্ষায় নকল করার কেলেঙ্কারিতে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত
০৭:১৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে পরীক্ষায় নকল করার কেলেঙ্কারি এবং তা ঠেকাতে নেওয়া শেষ মুহূর্তের কড়াকড়িতে তৈরি বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল বন্ধে তড়িঘড়ি পদক্ষেপের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় স্বীকার করে রোববার পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতির সমালোচনা তিনি এড়াতে পারেন না বলে জানান। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত সপ্তাহান্তে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষার শীর্ষস্থানীয় ৩৪ বছর বয়সি হান ওন-সিওক স্বীকার করেন যে তিনি ক্ষুদ্র ক্যামেরা, ফোন ও এআই ব্যবহার করে নকল করেছিলেন। ১৬০ প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করায় তার ফলাফল নিয়ে আগেই সন্দেহ ছিল। এরপর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর অংশ নেওয়া নয় ঘণ্টার সুনেউং পরীক্ষায় কর্তৃপক্ষ প্রথমবারের মতো জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থাকে কাজে লাগিয়ে দিনভর তিনবার ফোন অ্যালার্ট পাঠায়, যা পর্যটকদের ফোনেও বেজে ওঠে।
এছাড়া বোতাম ঢেকে রাখা ও চশমা পরীক্ষার মতো কড়াকড়িতে সৎ শিক্ষার্থীরাও চশমা বা লেন্স নিয়ে দুশ্চিন্তায় পড়েন; পরীক্ষায় অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ ১১১ জন ধরা পড়েন।
সূত্র: বিবিসি
এসএ/