© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাশকতা-মাদক-অস্ত্রের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের

শেয়ার করুন:
নাশকতা-মাদক-অস্ত্রের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ ডিএমপি কমিশনারের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ এএম | ২৩ নভেম্বর, ২০২৬
নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। 

অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মহানগর পুলিশের রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন কমিশনার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো ফারুক হোসেন।

সভায় উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও অতিরিক্ত দায়িত্বে (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল রেসপন্স ইউনিট) আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম-সেবা এবং অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি।

একেএস


মন্তব্য করুন