মেডিকেল রিপোর্টের অভাবে ধর্ষণের আসামি খালাস পেতে পারে না : হাইকোর্ট
ফাইল ছবি
শুধুমাত্র ডাক্তারি পরীক্ষা না হওয়ার কারণে ধর্ষণ প্রমাণ হয়নি বা আপিলকারী ধর্ষণ করেনি এই অজুহাতে আসামি খালাস পেতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একটি ধর্ষণ মামলার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিতে হাইকোর্ট এ নির্দেশনা দিয়েছেন।
জানা গেছে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিম্ন আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের একটি রায়ের বিরুদ্ধে আসামির করা আপিল খারিজ করে দেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. রেজাউল হক এই রায় ঘোষণা করেন। সম্প্রতি ওই রায়ের ১৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত অনুলিপিতে হাইকোর্ট বলেছেন, ডাক্তারি পরীক্ষা ছাড়াই পারিপার্শ্বিক বিষয়াদি বিবেচনায় নিয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির সাজা বহাল রাখা হয়েছে।
এদিকে ধর্ষণের মতো স্পর্শকাতর মামলায় ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষাকে অধিকতর গুরুত্বপূর্ণ মনে না করে পারিপার্শ্বিক অবস্থাকে প্রাধান্য দেয়ায় এই রায়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। অনেকেই বলেছেন, এটি একটি যুগান্তকারী রায়।
টাইমনস/এসএন