ইলেকট্রনিক প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসকদের ওষুধ লেখা নজরদারিতে আসবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:০২ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ই-হেলথ বা ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক প্রেসক্রিপশন ও ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডের মাধ্যমে চিকিৎসকদের ওষুধ লেখার ধরন ডিজিটাল নজরদারির আওতায় আসবে। শরীরে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ার কারণে দেশে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এটি বাস্তবায়ন করছে।

আন্তর্জাতিক জনসাস্থ্যবিদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড মুহিত বলেন, শরীরে অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে বছরে সোয়া লাখ মৃত্যুর পাশাপাশি আরও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয়ও বাড়ছে। এই সংকট মোকাবিলায় চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন জরুরি। ব্যবস্থাপত্র ছাড়া বা 'ওভার দ্য কাউন্টার' অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন প্রয়োজন।
প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরও জানান, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকেও ই-হেলথ নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা নাজমুল হোসেন সুমন বলেন, “দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। আরো বক্তব্য দেন স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ও সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।
এমআই/