বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত
০৬:৫৩ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
বিশ্বমানের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সরকারের কাছে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা বিশেষ বরাদ্দ চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জরুরি ভিত্তিতে এ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। এদিন সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে বরাদ্দের যৌক্তিকতা ও বিস্তারিত তথ্যসংবলিত আবেদনপত্র হস্তান্তর করেন বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা সম্ভব হবে। এতে লিভার ও কিডনি প্রতিস্থাপন, আধুনিক হৃদ্রোগ ও স্ট্রোক চিকিৎসাসহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।
বরাদ্দের আবেদনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মীর বেতন-ভাতা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, চিকিৎসা ও শল্যচিকিৎসার সরঞ্জাম কেনা এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ চাওয়া হয়েছে।
আবেদনে লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়াটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাসকুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি, রেডিওলজি ও ইমেজিং এবং বিশেষায়িত জরুরি চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বন্ধ্যাত্ব চিকিৎসা এবং নারী, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার জন্য বিশেষায়িত কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। হাসপাতালটিতে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) এবং শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ) চালুর জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, হাসপাতালের অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চিলার, বিদ্যুৎ সাবস্টেশন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি ওয়ার্ড, কেবিন, রোগীদের ওয়েটিং রুম, পার্কিং, ক্যাফেটেরিয়া ও অন্যান্য স্থাপনা সংস্কারের জন্যও অর্থ চাওয়া হয়েছে।
হাসপাতালটি শুরু থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিএমইউর নিজস্ব অর্থায়নে সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। ১ অক্টোবর থেকে এটি 'বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড' নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে।
বিএমইউর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস দিয়েছেন এবং হাসপাতালের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশমুখিতা কমাতে ২০২২ সালের সেপ্টেম্বরে রাজধানীর শাহবাগে ৭৫০ শয্যার এই হাসপাতালটি উদ্বোধন করা হয়েছিল। তবে চিকিৎসক ও সহায়ক জনবলের সংকট এবং সুনির্দিষ্ট ব্যবস্থাপনা কাঠামোর অভাবে এত দিন এটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।
কেএন/