পোশাকশ্রমিকদের নতুন মজুরি নিয়ে ঐকমত্য হয়নি, কালও বসতে পারে বোর্ড
ছবি: সংগৃহীত
০৭:৩৭ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। এ ব্যবধান কমিয়ে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে আলোচনা অব্যাহত রয়েছে।
প্রয়োজনে আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বোর্ডের। তাতেও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলে আগামীকাল সকালে আবার বৈঠকে বসবেন বোর্ডের সদস্যরা।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা বিকাল ৪টা পর্যন্ত চলে। সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও তা শেষ না হওয়ায় বৈঠক অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আজকের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। তবে মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। ফলে দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব তৈরির বিষয়ে আলোচনা হচ্ছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, বিশেষ করে ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট-বড় শিল্পকারখানার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এসব অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অবস্থা ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাবের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না তারা। কারণ, এ নিয়ে আলোচনা এখনো চলছে। প্রস্তাবের বিভিন্ন দিক পর্যালোচনা করে দুই পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হবে। প্রয়োজনে শ্রমিকপক্ষও তাদের প্রস্তাব পুনর্বিবেচনা করতে পারে।
তিনি বলেন, মজুরি নির্ধারণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই গুরুত্ব দিচ্ছে। আজকের বৈঠক শেষ না করে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব শ্রমিকপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে। মালিকপক্ষও তাতে সম্মত হয়েছে। প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত আলোচনা চলবে। এরপরও সিদ্ধান্ত না হলে আগামীকাল সকালে আবার বৈঠকে বসবেন বোর্ডের সদস্যরা।
কেএন/