© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় কাতার প্রবাসী গুলিবিদ্ধ, কুপিয়ে জখম রিকশাচালককে

শেয়ার করুন:
হাতিরঝিলে সন্ত্রাসী হামলায় কাতার প্রবাসী গুলিবিদ্ধ, কুপিয়ে জখম রিকশাচালককে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক কাতার প্রবাসী ও এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে বাগিচারটেক এলাকার একটি গ্যারেজে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- বরিশালের গৌরনদী থানার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৫) এবং কুমিল্লার চান্দিনা থানার কুটুমপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শরিফ (২৮)।

বর্তমানে তারা দুজনই হাতিরঝিলের বাগিচারটেক এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে। আহত সানাউল্লাহ বাবু পেশায় কাতার প্রবাসী; মাত্র দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফিরেছেন। অপরদিকে, শরিফ একজন রিকশাচালক বলে জানা গেছে।

আহত সানাউল্লাহর খালাতো ভাই মনিরের ভাষ্যমতে, সোমবার দুপুর দেড়টার দিকে বাগিচারটেকের একটি গ্যারেজে অবস্থান করছিলেন সানাউল্লাহ ও শরিফ। এ সময় স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য হাসনাইন, হাসিব ও নূরুসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সানাউল্লাহর বুকের বাম পাশে গুলি করে এবং ডান হাতের তালু ও ডান পায়ের পাতায় জখম করে। একই সময়ে হামলাকারীরা শরিফের ডান পায়ের হাঁটুতে কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মনির জানান, ঘটনার পরপরই গ্যারেজের জাহিদুল নামের এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় সানাউল্লাহকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

আহত শরিফকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সুমন বলেন, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে শরিফকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআর/ 

মন্তব্য করুন