কুমিল্লায় রিকশার বেপরোয়া গতিতে থেঁতলে গেল শিশুর মাথা
ছবি: সংগৃহীত
১২:০০ এএম | ২৪ নভেম্বর, ২০২৬
আড়াই মাস বয়সী শিশু ওমর মায়ের সঙ্গে গিয়েছিলেন টিকা দিতে। কুমিল্লা নগরের কালিয়াজুরিতে টিকা দিয়ে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের বেপরোয়া গতিতে জীবন বিপন্ন শিশু ওমরের। ভেঙে গেছে তার মাথার হাড়। জীবন সংকটে থাকা ওমরকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঢাকাতে। ঘটনায় ওই অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
ওমর কুমিল্লা নগরের ডুমুরিয়া চানপুর এলাকার শরিফুল ইসলাম ও মাহিনুর আক্তার স্বর্ণালির সন্তান। বিষয়টি নিয়ে কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগে চলতি বছর কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বর, নিউ মার্কেট এলাকা, ঠাকুরপাড়া ও রেসকোর্সে অটোরিকশা চাপায় চারজন নিহতের তথ্য পাওয়া গেছে।
ওমরের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে শিশু ওমরকে নিয়ে কালিয়াজুরি টিকা কেন্দ্রে যায় তার মা। টিকা দিয়ে বাড়িতে ফিরতে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে। চালকের বেপরোয়া গতি দেখে অটো নেমে যেতে চায় শিশু ওমরের মা শাহিনুর আক্তার স্বর্ণালি। ধিরস্থিরভাবে গাড়ি চালানোর শর্তে অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু অটোরিকশা চালক গাড়ি অনিয়ন্ত্রিত চালাতে থাকেন। দ্রুত গতির গাড়ি হঠাৎ ব্রেক করলে ওমরের মা গাড়িতে থাকা স্টিলের পাইপে আঘাত পান। এসময় কোলে থাকা শিশু ওমরের মাথা আঘাত খায় ওই স্টিলের পাইপের সঙ্গে। আঘাতে শিশু ওমরের মাথার ওপরের অংশের হাড় ভেঙে যায়। ভাঙা হাড় মস্তিষ্কে আঘাত করে। দিনব্যাপী কুমিল্লায় দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে ওমরের অবস্থা আশঙ্কাজনক হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন বলেন, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অটোরিকশাটি জব্দ করেছে। থানায় ফোন দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
একেএস