ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি: সংগৃহীত
১২:১১ এএম | ২৪ নভেম্বর, ২০২৬
ঝিনাইদহের শৈলকূপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দোহারো গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ টি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ ও মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় অন্তত ১০ জন।
সূত্র আরও জানায়, এ সময় ওই গ্রামের অন্তত ২০ টি বাড়ি-ঘর ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য নিয়ে দুপক্ষের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৬/৭ জন বলে জানতে পেরেছি। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।
একেএস