বিমানবন্দরে যুবলীগ নেতা বাসের আলম আটক
ছবি: সংগৃহীত
১১:৪৩ এএম | ২৪ নভেম্বর, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় বাসের আলম সিদ্দিকী নামে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের এক সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, বাসের আলম সিদ্দিকী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলার একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলন দমনে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।
আটক বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। পাশাপাশি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে তার ভারতে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে।
এছাড়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে অভিযোগ রয়েছে।
এসএ/